

কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম
আলিফের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্ত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে।
এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের
লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত
শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা
এ ফাউন্ডেশনের উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার
প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে
হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে
না।
এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা
ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে
সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
ধর্ম উপদেষ্টা শহিদ আইনজীবী সাইফুল
ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন ও খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা
জানান। তিনি এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারে ক্ষেত্রে সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন।
এছাড়া উপদেষ্টা এই পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত
পরিবারের সদস্যদের ভরণপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের বাবার হাতে আলহাজ
শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক
লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের
পক্ষ থেকে আরো এক লাখ টাকা তুলে দেন।
এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় তিন দোকানদারকে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে কচুয়া পৌর বাজারের কাঁচাবাজার ও বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী মফিজ হোসেন, সেলিম ও আলাউদ্দিনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি।
পরে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা রাখার পরামর্শ দেন এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি। এসময় ওই তিন ব্যবসায়ীর কাছ থেকে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এবিষয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি বলেন, সারা দেশে পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি কচুয়া উপজেলায় নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান চলবে এবং নিয়মিত বাজার মনিটরিংসহ এইরকম অভিযান অব্যাহত থাকবে।
এসময় চাঁদপুরের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে হতে পারে বজ্রসহ ঝড়। তাই এসব এলাকার নদীবন্দরে সতর্কতা সংকেত তোলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।
(৩ জুলাই) বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে গাম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ১১ জুন রবিবার তিনি গাম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ।
আইএসপিআর জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে এ সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। গাম্বিয়া সফর শেষে আগামী ১৬ জুন দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান। সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।
মন্তব্য করুন


কুমিল্লার বরুড়ায় শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর শিশু ইব্রাহিম খলিলের (৭) মরদেহ ঢেকে রাখা হয় কচুপাতা দিয়ে। দ্বিতীয় দিন মরদেহটি মাটিচাপা দেওয়া হয় নির্জন বাড়িতে।
বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে নিহত শিশু ইব্রাহিম।
এ ঘটনায় গ্রেফতারকৃত ইব্রাহিমের চাচাতো ভাই আলআমিন (২৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।
৮ সেপ্টেম্বর শুক্রবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আলআমিন জিজ্ঞাসাবাদে জানায়, তার চাচা মাসুদ রানা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সেখানে তাকে চাকরি দেন। কিন্তু পছন্দ না হওয়ায় সে কাজে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে চাচার সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। তাকে থাপ্পড় মারেন তার চাচা। সে দেশে এসে চাচাতো ভাই ইব্রাহিম খলিলকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। বাড়ির বাইরে খেলতে এলে ইব্রাহিমকে খাজা (তেলেভাজা খাবার) খাইয়ে অটোরিকশাযোগে ৫ কিলোমিটার দূরে এগারো গ্রাম নিয়ে আসে। গ্রামের মাঠের একটি নির্জন বাড়ির পাশে নিয়ে গর্তের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে। হত্যার পর ওই বাড়িতে মরদেহ কচুপাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন গিয়ে মাটি খুঁড়ে মরদেহ চাপা দেয়।
পুলিশ ও পরিবারের সূত্র জানায়, নিখোঁজের দুইদিন পর ৬ সেপ্টেম্বর ইব্রাহিমের মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর ইব্রাহিমের চাচাতো ভাই মো. রিপনের ছেলে আল আমিন পলাতক ছিল। ইব্রাহিমকে অপহরণের বিষয়ে বিভিন্ন সময় হুমকি দিতেন। আল আমিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাঁশতলা এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানায়, ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। কারাগারে পাঠানো হয়েছে তাকে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড.
আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সংবিধান সংশোধন করা হবে কিনা প্রশ্নে
তিনি বলেন, এ বিষয়ে অনেক দাবি আছে। কিন্তু আমরা এখনো এ বিষয়ে কোনো জবাব দিতে পারব না।
এটা আমার এখতিয়ারাধীন বিষয় না। আমরা উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলোচনা করব।
মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কোনো
চেষ্টা করবেন কিনা, জানতে চাইলি তিনি বলেন, অবশ্যই চেষ্টা করব। একটা পুরোজাতির ভোটাধিকারকে
এমনভাবে প্রহসন করা! এ রাষ্ট্রের মালিকানা জনগণের, ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে সেই
অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া
হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে
আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতা করতে হয়, সেটা আমরা সম্পন্ন করেছি। এরইমধ্যে প্রধান বিচারপতিসহ
আপিল বিভাগের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন।
আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি,
যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। এখান থেকে আপনারা বুঝে নেবেন, আমরা
কীসের ওপর গুরুত্ব দিচ্ছি। যোগ্যতা ও সততার ওপর গুরুত্ব দিয়েছি। আগে যারা প্রধান বিচারপতি
ছিলেন, তাদের সিভি, আর বর্তমান প্রধান বিচারপতির সিভি তুলনা করলে বুঝতে পারবেন, আমরা
কীসের ওপর জোর দিচ্ছি,’ যোগ করেন আইন উপদেষ্টা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার
না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সাগর-রুনি হত্যার বিচার গতি পাবে কিনা;
জানতে চাইলে, উপদেষ্টা বলেন, অবশ্যই, আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এই বিচার
না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না, এমন একটি নির্মম হত্যাকাণ্ড
নিয়ে কীভাবে প্রহসন করা হয়।
অর্থপাচারের দায়ে অভিযুক্তদের বিচারের
বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো অপরাধের বিচার করার ইচ্ছা ও উদ্দেশ্য আমাদের আছে।
আমাদের দেশের ব্যাংক ও সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার-আপনার টাকা। সাবেক
সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছেন, তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা
করা ও বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার, অবশ্যই আমরা করব।
মন্তব্য করুন


ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় আব্দুল আজিজ মোল্লা (১৭) নামে এক
শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে স্কুল
সভাপতি শহিদুল ইসলাম বাবলু শিকদার প্লেনে করে ভ্রমণ করলেন।
রোববার (২০ আগস্ট)
দুপুর দেড়টায় পরিবারের সদস্যদের নিয়ে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে ঢাকা
থেকে যশোর পর্যন্ত যান।
প্লেন ভ্রমণের
সব খরচ বহন করেছেন সভাপতি নিজেই।
স্থানীয় ও বিদ্যালয়
সূত্রে জানা গেছে, উপজেলার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির
সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু ঘোষণা দিয়েছিলেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায়
যারা জিপিএ-৫ প্রাপ্ত হবেন পরিবারসহ ঢাকা-যশোর প্লেনে ভ্রমণ করাবেন তাদের। আব্দুল
আজিজ মোল্লা নামের একজন শিক্ষার্থী জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে জিপিএ-৫
প্রাপ্ত হন। স্কুলের সভাপতির ঘোষণা অনুযায়ী ইউএস বাংলা এয়ারলাইন্স বিমানে উক্ত
শিক্ষার্থীর মা-বাবা ভ্রমণে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থী ও তার বড়বোন রুমি
সুলতানাকে নিয়ে প্লেন ভ্রমণে যান তিনি।
এ বিষয়ে উপজেলার জাবেদ
পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু
শিকদার জানান, এবার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আমার ঘোষণা
অনুযায়ী তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের আয়োজন সম্পন্ন করি। তার পরিবারের অন্য সদস্যরা ভ্রমণে ইচ্ছুক
না হওয়ায় ওই ছাত্র ও তার বড় বোনকে নিয়ে আমার নিজস্ব অর্থায়নে প্লেনে ভ্রমণ করি। তবে বেশি খুশি
হতাম আরও সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হলে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী
জানান, সভাপতি ঘোষণা দিয়েছিলেন এবং তিনি তার কথা রেখেছেন। আমি জীবনের প্রথম প্লেনে চড়েছি। খুব ভালো লেগেছে। এটি একটি স্মৃতি হয়ে থাকবে আমার শিক্ষা
জীবনে।
মন্তব্য করুন


একযোগে
বাংলাদেশের ২০০ এর বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। আজ (১৩
অক্টোবর) থেকে ছবিটি বিভিন্ন সিনেমা হলে দেখানো হবে।
বাংলাদেশ-ভারত
যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব-মেকিং অব নেশন’ বায়োপিকটি ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে।
এরই মধ্যে ২টি দেশেই ছবিটি সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে। ২০২২ সালের ১৯ মে
ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে ছবিটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়। ছবির শুটিং
ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়। শেষ হয় একই বছরের ডিসেম্বর।
বাংলাদেশের
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ১ অক্টোবর মুজিব বায়োপিকের চূড়ান্ত ট্রেলার
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল
ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়।
বায়োপিকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ
এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ
তিশা। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
জনপ্রিয়
অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন।
ছবিটির
সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ
থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস।
বাংলাদেশ
ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল আগারগাঁওয়ে এটি দেখেছেন। প্রিমিয়ার শো দেখার আগে শেখ হাসিনা বলেছেন, বহু প্রতীক্ষিত
এ বায়োপিকটির মাধ্যমে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় সম্পর্কে জানবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তার নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু, এটা প্রমাণিত যে,
ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।
মন্তব্য করুন


অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের
নতুন ভবনের উদ্বোধন করেছেন।
সোমবার
(৩ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ার নামের নতুন
এ ভবনটির উদ্বোধন করা হয়।
নতুন
ভবন উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন।
প্রধান
উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, উদ্বোধনী অনুষ্ঠানে
এ সময় অন্যান্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার,
আঞ্জুমান মুফিদুলের সভাপতি মুফলেহ আর. ওসমানী ও সহ-সভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত
হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ অধিনায়ক
নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে সামনে রেখে বিশ্বকাপের সূচি
প্রকাশ করে আইসিসি।
এনিয়ে দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি
বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর এবারের
আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল। এর আগে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দল সরাসরি
বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। বাকি দুটি দল উঠে আসবে চলমান বাছাইপর্ব থেকে।
স্বাগতিক বাংলাদেশ পড়েছে বি গ্রুপে।
যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের দ্বিতীয়
দল।
অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত,
নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাইপর্বের প্রথম দল।
১৯ দিনের এই আসরে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত
হবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশসহ গ্রুপ 'বি' এর সকল ম্যাচগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয়
স্টেডিয়ামে। গ্রুপ 'এ'- এর সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০
অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের। প্রথম সেমিফাইনালে
সিলেট ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ঢাকায়। নকআউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ
ডে।
আসরের প্রথম দিন বাছাইপর্ব থেকে আসা
দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সেনাসদরে
সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি
দল।
উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর ২০২৪ তারিখে
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব 'শুভ প্রবারনা' অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উৎসবটি অত্যন্ত ধর্মীয় মর্যাদায়
ও ভাবগম্ভীর্যে উদযাপন করে থাকেন। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ
ও বিহার গুলোতে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা
ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি
দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী
প্রধানকে আমন্ত্রণ জানান। এ সময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে
'শুভ প্রবারনা' ও 'কঠিন চীবরদান' উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের
অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া ব্যক্তিগত ভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসব সমূহ
পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান
করেন এবং প্রতিনিধি দলের সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী তার নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন- এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।
মন্তব্য করুন