

বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড় খেয়ে
আতঙ্কিত না হয়ে সাপটিকে তেড়ে ধরে পিটিয়ে মারেন এবং একে হাতে ঝুলিয়ে নিয়েই হাসপাতালে
দৌড়ে পৌঁছান এক কৃষক।
রাজশাহীতে বিষধর সাপ রাসেলস ভাইপার
দংশন করে হেফজুল আলী (৪৫) নামের এক কৃষককে। আর
শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এভাবেই সাপসহ উপস্থিত হন ওই কৃষক।
কৃষক হেফজুল আলী রাজশাহীর চারঘাট উপজেলার
পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।
জানা যায়, আজ (৩১ মে) সকাল ৮টার দিকে
পিরোজপুর গ্রামের একটি কৃষি জমিতে ধান কাটার কাজ করছিলেন হেফজুলসহ কয়েকজন কৃষক। ধান
কাটার এক পর্যায়ে হঠাৎ করে একটি রাসেল ভাইপার সাপ হেফজুলের গালে ছোবল দেয়। এতে হেফজুল
ভয় না পেয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এ সময় হেফজুল ওই সাপসহ দ্রুত চারঘাট উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল
কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে তিনি মৃত রাসেল ভাইপারসহ রামেক
হাসপাতালে যান। তখনও তিনি সাপটির লেজ ধরে ঝুলিয়ে রেখেছিলেন হাতে। এ সময় তিনি নিজেই
কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন হাসপাতালটির ১৬ নম্বর ওয়ার্ডে। আর তার এই দুঃসাহসিক
কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই এসময় হেফজুলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে
ছিলেন।
হাতে করে সাপ ঝুলিয়ে হাসপাতালে আসার
কারণ জানতে চাইলে আহত কৃষক হেফজুল বলেন, দংশনের পর সাপটিকে মেরে সাপসহ উপজেলা স্বাস্থ্য
কেন্দ্রে যাই। কিন্তু সেখান থেকে চিকিৎসকরা আমাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ
দেন। পরে রামেক হাসপাতালে এসে ভর্তি হই। ধারণা ছিল, চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক
ওষুধ (অ্যান্টিভেনম) দিতে পারবেন।
দ্রুত সঠিক চিকিৎসা হবে এমন আশায় সাপটিকে
সঙ্গে নিয়ে আসেন বলে জানান কৃষক হেফজুল।
চিকিৎসকরা জানান, হেফজুলের অবস্থা বর্তমানে
ভালো। অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান, তিনি সেটা না করে হাসপাতালে
চলে এসেছেন। এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল।
মন্তব্য করুন


ইসলামের পবিত্রতম স্থানটিতে শুক্রবার সন্ধ্যার মধ্যে বার্ষিক হজ পালনে ১৬০টি দেশ থেকে ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড ভাঙতে পারে।
সৌদি আরবের গ্রীষ্মের প্রখর গরম আবহাওয়া উপেক্ষা করে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিক কার্যক্রম আজ রোববার (২৫ জুন) শুরু হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনে মক্কার গ্র্যান্ড মসজিদের বৃহৎ কালো ঘনক কাবা ঘর প্রদক্ষিণে পোশাকধারী হজ যাত্রীদের ভিড় তাই সেখানে এক ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করেছে।
রোববার সকালে কাবা ঘরে ‘তাওয়াফ’ (কাবার চারপাশ প্রদক্ষিণ) করার ভেতর দিয়ে হজ শুরু হয়। সোনার ছাঁট দিয়ে কালো কাপড়ে মোড়া বিশাল ঘন কাঠামো কাবা ঘরের কাছে লাখো লাখো মুসলমান প্রতিদিন প্রার্থনা করে।
তেলসমৃদ্ধ সৌদি আরবের পশ্চিমে মক্কা এবং এর আশেপাশে চার দিনের ধারাবাহিক আচার পালনের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্খাা লালন করেন এবং সামর্থবানদের জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতার জীবনিভিত্তিক আলোচনা সভা, ক্ষুদ্র ঋনের চেক, সেলাই মেশিন বিতরন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ আরো অনেকে।
এসময় উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


একযোগে
বাংলাদেশের ২০০ এর বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। আজ (১৩
অক্টোবর) থেকে ছবিটি বিভিন্ন সিনেমা হলে দেখানো হবে।
বাংলাদেশ-ভারত
যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব-মেকিং অব নেশন’ বায়োপিকটি ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে।
এরই মধ্যে ২টি দেশেই ছবিটি সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে। ২০২২ সালের ১৯ মে
ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে ছবিটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়। ছবির শুটিং
ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়। শেষ হয় একই বছরের ডিসেম্বর।
বাংলাদেশের
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ১ অক্টোবর মুজিব বায়োপিকের চূড়ান্ত ট্রেলার
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল
ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়।
বায়োপিকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ
এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ
তিশা। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
জনপ্রিয়
অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন।
ছবিটির
সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ
থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস।
বাংলাদেশ
ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল আগারগাঁওয়ে এটি দেখেছেন। প্রিমিয়ার শো দেখার আগে শেখ হাসিনা বলেছেন, বহু প্রতীক্ষিত
এ বায়োপিকটির মাধ্যমে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় সম্পর্কে জানবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তার নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু, এটা প্রমাণিত যে,
ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।
মন্তব্য করুন


দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের
(ইইউ) বৈঠক আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ২২ নভেম্বর ই-মেইল করেছিলেন । এতে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন ২৭ নভেম্বর।
ইসি সূত্রে জানা গেছে, বেশিরভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এই জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তবে আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।
ইইউ রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি। আগামী সপ্তাহে ইইউ মিশনের প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।
মন্তব্য করুন


কুমিল্লার বুড়িচংয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুফতি শরীফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ জুন ২০২৩ইং) সন্ধ্যায় উপজেলার ময়নামতি মডেল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক শরীফুল ইসলাম ময়নামতি মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মো. আলীর ছেলে তিনি।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, ওই ছাত্রী মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। আবাসিক ছাত্রী হিসেবে সে ওই মাদ্রাসার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার হোস্টেলে থাকতো। গত ১৪ জুন গভীর রাতে মাদ্রাসাটির অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা হোস্টেলের অন্যান্য ছাত্রীরাও জেনে যায়। এতে সকালে ওই ছাত্রীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং উক্ত ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমাসে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওসি ইসমাঈল হোসেন জানান, ঘটনা গত সপ্তাহে ঘটলেও মঙ্গলবার অভিযোগ পেয়েই মামলা রেকর্ড করে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানিয়েছে, অধ্যক্ষ এর আগেও কয়েকবার তাকে ধর্ষণ করেছে। বুধবার (২১ জুন) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ গ্রেফতার অধ্যক্ষকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন


প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয়পত্র মিলবে ।
সোমবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ
ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সিইসি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের
সনদ আনা অর্থহীন । এদিকে জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে আর এতে কমিশন প্রশ্নবিদ্ধ
হচ্ছে। তাই সংশ্লিষ্টদের আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখার নির্দেশনা
দেন তিনি।
সিইসি জানান, জাতীয় পরিচয়পত্র
এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা
সঠিক তথ্য দেন না আর একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।
মন্তব্য করুন


সন্ধ্যায় ভারতের কুচ জেলায় ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানতে পারে। গুজরাটে উপকূলীয় অঞ্চলে প্রায় ৭৪ হাজার লোককে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়'- এর কারণে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি।
এটি খুব তীব্র ঘূর্ণিঝড় হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। `বিপর্যয়' সর্বোচ্চ ১১৫-১২৫ কিমি ঘণ্টা বাতাসের গতিবেগে আঘাত হানতে পারে। তবে বিকেলে বাতাসের গতিবেগ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে। এটি বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ এবং পাকিস্তানের করাচি উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
পশ্চিম রেলওয়ে জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন পরিচালনার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭৬ টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। গুজরাটের দুটি সবচেয়ে বিখ্যাত মন্দির - দেবভূমি দ্বারকার দ্বারকাধীশ মন্দির এবং গির সোমনাথ জেলার সোমনাথ মন্দির - বৃহস্পতিবার ভক্তদের জন্য বন্ধ থাকবে।
আইএমডি বলেছে, ঘূর্ণিঝড় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গুজরাট উপকূলে বৃষ্টির তীব্রতা বাড়বে। পোরবন্দর, রাজকোট, মরবি, জুনাগড়, সৌরাষ্ট্র এবং উত্তর গুজরাটের অবশিষ্ট জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় ভারতের মতো বাড়তি সতর্কতা অবলম্বন করছে পাকিস্তানও। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবার ঝড়টি সিন্ধ প্রদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এর জন্য এখন পর্যন্ত উপকূলীয় এলাকাগুলো থেকে ৬৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত তোলা হয়েছে।
সোমবার (০১ জুলাই) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে
অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
মঙ্গলবার (০২ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে সামান্য হ্রাস পেতে পারে দিন এবং রাতের তাপমাত্রা।
মন্তব্য করুন


পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানান।
মন্তব্য করুন


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো: আব্দুল বাতেনকে (৬০) আটক করেছে র্যাব-২।
৩ সেপ্টেম্বর রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: আব্দুল বাতেন হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি হিযবুত তাহারীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন। আসামি বাতেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত পাঁচ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা ও হাজারীবাগ থানায় একটি করে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় দুটিসহ মোট ৪টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।
মন্তব্য করুন