

যশোর-খুলনা
মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার
(২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যান,
ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ
আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার
চার বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী
(৭০)।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান চাউলিয়া
ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি ইঞ্জিনচালিত
ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইক
চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান।
দুর্ঘটনায়
গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহার মৃত্যু হয়।
বর্তমানে
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন, মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার
রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
মৃত
আনোয়ারের ছেলে জামাল হোসেন জানান, তার বাবা ভ্যানে করে যাত্রী নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে
যাচ্ছিলেন। পথে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে তার বাবা মারা যান।
এদিকে,
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ করে এবং কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। কিছু সময়ের জন্য যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ
হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং
দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
যশোর
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনার পর পরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে
আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে
মামলা রুজুর প্রস্তুতি চলছে।
যশোর
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের
জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা
করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ
ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ
করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের
গুলিতে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু
সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায়
১৪তম স্থান অধিকার করেছেন।
আজ রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে ফলাফল প্রকাশিত হয়।
এসময় উপাচার্য বলেন, আমাদের মেধাবী
শিক্ষার্থী আবু সাঈদ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ
করা হয়েছে। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে।
এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। তার আত্মার মাগফিরাত
কামনা করি।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের
ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন ও অতিরিক্ত পরীক্ষা
নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম।
আবু সাঈদের বন্ধুরা জানান, আবু সাঈদ
শিক্ষার্থী হিসেবে অনেক ভালো ছিলেন। আবু সাঈদ রেজাল্ট দেখলে কত খুশি হতেন। আবু সাঈদ
আজ নেই।
আবু সাঈদের বড় ভাই আবু হোসেন কান্নজড়িত
কণ্ঠে জানান, আমার ভাই প্রতিবছর ভালো রেজাল্ট করে। আজ আমার ভাই নাই। এ রেজাল্ট দিয়ে
কী করব?
মন্তব্য করুন


ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারের ১২ দিনের পুলিশি (সিআইডি) রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত।
শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে জিহাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়।সিআইডির পক্ষ থেকে ১৪ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল। পরে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নৃশংস হত্যার অভিযোগে জিহাদের নামে রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৬৪, ৩০২, ২০১ ও ১২০বি -এ চার ধারায় মামলা দেওয়া হয়েছে আর প্রতিটিই জামিন-অযোগ্য ধারা।
চার ধারার মামলাগুলো হলো ৩৬৪-হত্যার উদ্দেশ্যে অপহরণ। ৩০২- অপরাধমূলক নরহত্যা। ২০১-তথ্য লোপাট, অর্থাৎ অস্ত্র ও মরদেহ পরিকল্পনা করে সরিয়ে ফেলা। ১২০বি-অপরাধমূলক ষড়যন্ত্র (একাধিক ব্যক্তির সমন্বয়ে)।
অর্থাৎ এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারেন। রাজ্য পুলিশ জিহাদকে একজন ‘দক্ষ কসাই’ হিসেবে বিচারকের সামনে পেশ করে।
পুলিশের এখন মূল উদ্দেশ্য, মরদেহের অংশ উদ্ধার করা অথবা দেহাংশ সরাতে ব্যবহৃত প্লাস্টিক বা ট্রলি কোথায়, তা জানা। সে কারণে পুলিশ জিহাদের রিমান্ড চায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপাল নগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার। তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন ‘দক্ষ কসাই’। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন তিনি। জেরায় জানিয়েছেন, তার নাম জিহাদ হাওলাদার, বাবা জয়নাল হাওলাদার খুলনার বাসিন্দা। দুই মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন।
পুলিশ দাবি করেছে, পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যায়, এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তারপরে তার মরদেহকে টুকরো টুকরো করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বরাহনগরের মন্ডল পাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। এরপর ১৩ মে পৌঁছে যান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসে। পুলিশি তথ্য অনুযায়ী, ১৩ তারিখ রাতেই তাকে হত্যা করা হয়। মরদেহ বাক্সবন্দি করে ১৪, ১৫ ও ১৬ মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান।
মন্তব্য করুন


রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ী বস্তিতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস ২ জনের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় মা নাজমা (২৫) ও তার শিশুসন্তান নজরুল দগ্ধ হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ারুল ইসলাম দোলন জানান, মোল্লা বাড়ির বস্তিতে আগুন লাগার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে লাগা আগুনের ঘটনায় রাতে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসেন নাজমার স্বামী ওমর ফারুক।
নাজমার স্বামী ওমর ফারুক জানান, তারা কারওয়ান বাজারের মাছবাজারে কাজ করতেন ও মোল্লাবাড়ি বস্তিতে থাকতেন। তার ধারণা, প্রচণ্ড শীতের জন্য কেউ আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
এদিকে আহতদের বিষয়ে বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডে মা ও তার শিশুসন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২টা ২৩ মিনিটে মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ১৩ ইউনিট কাজ করে। পরে ৩টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন


শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা
হবে। তবে আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, শ্রম ও
কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ
তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প
গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা শ্রমিক কল্যাণ তহবিলে
লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না, তাদেরও এর আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার
ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব
সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য
দাবি পূরণ করা হবে। তবে যেসব শ্রমিক আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদের আইনের আওতায়
আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গ্রামীণফোন লিমিটেড তাদের গত এক বছরের
লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হিসেবে শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৪৪২
টাকা প্রদান করেছে। এখন পর্যন্ত এ তহবিলে ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা দিল গ্রামীণফোন লিমিটেড।
শ্রমিক কল্যাণ তহবিলে ৪৪০টি কোম্পানি
লভ্যাংশের নির্ধারিত অংশ নিয়মিত দিয়ে থাকে। শ্রমিক কল্যাণ তহবিলে এখন পর্যন্ত জমা
রয়েছে ১ হাজার ২৬ কোটি টাকা।
মন্তব্য করুন


রাজধানীর
যাত্রাবাড়ি এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে হামলা, মারধর ও
সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন,
‘ভাঙচুরসহ হামলা ও সংঘর্ষের ঘটনায় কারা জড়িত, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং
আগামীতে এ ধরনের ঘটনাকে কোনোভাবেই টলারেট করা হবে না। সংঘর্ষ এড়াতে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা
বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ না হয়,
সেজন্য কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু কোনোভাবেই সংঘর্ষ এড়ানো
যায়নি।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি
এসব কথা বলেন।
এ
সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল
আলম উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের
মধ্যে সংঘর্ষের ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, সামাজিকমাধ্যমে
বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি,
তিনজন নিহত হওয়ার একটি খবর রটেছিল। তবে এখন পর্যন্ত কারও নিহত হওয়ার কোনো
সংবাদ আমরা পাইনি। নানা মাধ্যমে চেষ্টা করেও নিশ্চিত হওয়া যায়নি। প্রতিষ্ঠিত কোনো
গণমাধ্যমেও এ ধরনের খবর আমরা পাইনি।
তিনি
বলেন, তবে
অনেকেই আহত হয়েছেন, হাসপাতালে
ভর্তি হয়েছেন। এটি আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি
উল্লেখ করেন।
উপদেষ্টা
বলেন, আমরা
বারবার আহ্বান জানাচ্ছি ছাত্ররা যেন কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে ধৈর্য সহকারে
তাদের যেকোন সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে পারে। কিংবা প্রয়োজন হলে
সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে।
মাহবুবুর রহমান কলেজের হামলার ঘটনা নিয়ে কাজ করার সময় জানতে পারলাম যে ৬ দিন
আগ থেকে এই ঘটনার সূত্রপাত হয়। একজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সঠিক
চিকিৎসা না পাওয়ার অভিযোগে এই ঘটনা শুরু হয়,
অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের বিরুদ্ধে। কিন্তু এখানে সোরহাওয়ার্দী কলেজ
কীভাবে এলো সেই প্রশ্ন তোলেন তিনি।
এক
প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন,
বিগত দিনগুলোতে পুলিশ যেকোন সংঘর্ষ এড়ানোর জন্য রাবার বুলেট বা গুলি ছুড়তো।
এটা কোনো আন্তর্জাতিক প্রাকটিস না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।
অপর
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পেছনে কারা জড়িত এ বিষয়ে অনেক ধরনের
তথ্য আসছে। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তদন্ত শেষে জানাতে পারবো কারা এর
পেছনে জড়িত আছে।
দেশে অস্থিরতা তৈরির জন্য পরিকল্পিতভাবে যড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম চালাক, এটা তো অনেকে চাচ্ছে না, বিশেষ করে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি
বলেন, সরকারের
কার্যক্রম নস্যাত করতে এবং সারাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য
এসব করা হচ্ছে।’ তবে
যারা দেশ এবং দেশের বাইরে থেকে এসব করছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে
বলে তিনি জানান।
পরিকল্পিত
যড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে বিল্পবী চেতনার রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে
দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘জনগণের কাছে
আহবান থাকবে যেহেতু আমরা একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আছি। সকলের ভেতরে
বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা
আছে সেটা যেন আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি।'
তিনি
আরো বলেন, 'আমরা
সচেতনতা সবদিক থেকে তৈরি করি এবং রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে এখানে অনেক
ভূমিকা নেওয়ার আছে। গণঅভ্যুত্থানে যেমন আমাদের মধ্যে ঐক্য ছিল- আমরা মনে করি
বর্তমান পরিস্থিতিতেও সকলের ঐক্যের ভিত্তিতে এসব রুখে দিতে হবে। মিথ্যা
প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে রাজধানীতে জড়ো করা
হয়েছিল। যে সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ ঢাকায় আনা হয়েছিল, সেই সংগঠনের
প্রধানকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।
মন্তব্য করুন


২৬ আগস্ট ২০২৪ দেশ জুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এ দিনটিকে কেন্দ্র করে আয়োজিত বিবিধ অনুষ্ঠান ও উপাসনালয় সমূহের বিশেষ নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর এ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী জনগণ।
উল্লেখ্য যে, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করাই শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষাকে বুকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে সোনার বাংলা গড়ে তুলবে এই সকলের প্রত্যাশা।
জনগণের এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী পাশে আছে এবং থাকবে।
মন্তব্য করুন


জুলাই গণ-অভ্যুত্থানে কয়েক শহিদ পরিবার আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহিদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে শহিদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।
মন্তব্য করুন


আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ।
১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারিখ পেছানো হয়।
রবিবার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ পরীক্ষার্থী। এদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অংশ নেবেন ১ লাখ ৫২ হাজার ৭১৭ পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬৭ হাজার ২৮৯ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেবেন।
এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ও ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
আর ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) ৩ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা (১০৮) ৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
এদিকে ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৭ অক্টোবরের মধ্যে ব্যবহারিকের খাতা ও অন্যান্য কাগজপত্র বোর্ডের জমা দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধিকে।
আলিমে ১৭ আগস্টের কুরআন মজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
২২ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।
মন্তব্য করুন


শিক্ষা
এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ‘ক্যানভা কে-১২
এডুকেশন’-এর গ্লোবাল লিড অ্যান্ডি শ’-এর
নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যের
লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ-২
সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
আজ
বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় প্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা
জানানো হয়।
বৈঠকে
ক্যানভা কর্মকর্তারা ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি,
শ্রেণিকক্ষের সম্পৃক্ততা বাড়ানো ও ভিজ্যুয়াল যোগাযোগ উন্নত করার মাধ্যমে ক্যানভার শিক্ষা
সেবা কীভাবে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বমানের উপযোগী করে সহায়তা করতে
পারে, সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
বৈঠক
চলাকালেই শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে ক্যানভাকে বাংলাদেশের দুটি বিদ্যালয়ের সঙ্গে
পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেন, যাতে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে
ক্যানভার প্রিমিয়াম শিক্ষা সেবা সরাসরি ব্যবহার শুরু করতে পারেন।
বিনামূল্যের
এই প্রিমিয়াম সেবা দেশের সকল শিক্ষক ও শিক্ষার্থীর জন্য সম্প্রসারিত হবে বলে আশাবাদ
ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘বর্তমান সরকার একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ
করছে, যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক
ও ভবিষ্যৎ-উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
একই
দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক শিক্ষা
কৌশল বাস্তবায়ন শাখার প্রধান জোনাথন লেজারের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল বৈঠক করেন।
সেখানে
‘পিয়ারসন-ক্যামব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশন’-এর জ্যেষ্ঠ প্রতিনিধিরাও অংশ নেন।
ওই
বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধি, বাজারভিত্তিক
পাঠ্যক্রম এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার (টিভিইটি) উন্নয়নের ওপর গুরুত্বারোপ
করা হয়।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বের বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি
কর্তব্য নয়, বরং মানবতার প্রতি এক বড় নৈতিক দায়িত্ব মনে করে বলে জানিয়েছেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার
(২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। । মরক্কোর
রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’
বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ
কথা বলেন।
সম্মেলনে
বহুপাক্ষিকতাবাদের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ
সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যে শান্তিকামী
পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
আমলে আরও সুসংহত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজও বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার
প্রতি নিজেদের অঙ্গীকার বজায় রেখেছে।
আরও
কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’
কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন শামা ওবায়েদ। তিনি বলেন, জাতিসংঘের কার্যক্রমে
বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বেড়ে চলেছে, যা বৈশ্বিক শান্তি রক্ষায়
নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ব
শান্তির সেবায় জীবন উৎসর্গকারী ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
করে প্রতিমন্ত্রী আধুনিক শান্তি তৎপরতার উদীয়মান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি
অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিবেশে প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের
প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা
ও সুরক্ষা নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জাতিসংঘ
শান্তিরক্ষা কার্যক্রমে আরও শক্তিশালী ও দূরদর্শী সংস্কারের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ
স্পষ্ট ও বাস্তবসম্মত কার্যপরিধি নির্ধারণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা এবং সেনা ও পুলিশ
প্রেরণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা বাড়ানোর ওপর জোর দেন। তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট
অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং’ (বিপসট)-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে
মিশনপূর্ব উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশবান্ধব শান্তিরক্ষা
কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মরক্কো
ও ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
সাদিয়া ফয়জুন্নেসা উপস্থিত ছিলেন।
পরে
সন্ধ্যায় শামা ওবায়েদ ‘গ্লোবাল গ্রোথ কনফারেন্স ২০২৬’-এ
অংশ নেন। সেখানে ‘জিওপলিটিক্স অব ফ্র্যাগমেন্টেশন: পাওয়ার, এস্কেলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক
রিঅর্ডারিং’ শীর্ষক একটি অধিবেশনে মূল বক্তা হিসেবে তিনি পরিবর্তনশীল
বৈশ্বিক ভূরাজনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাবের ওপর বাংলাদেশের
সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মন্তব্য করুন