

এবারের আইএল টি-টোয়েন্টিতে আসর শুরু আগেই বড় ধাক্কা খেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে নিলামের আগেই দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু আসর শুরুর আগেই এই টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে দলটি।
দুবাই ক্যাপিটালস ইতোমধ্যে মোস্তাফিজের জায়গায় দলে নিয়েছে হায়দার আলীকে। তবে মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এনওসি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলটি।
তবে মোস্তাফিজের অনুপস্থিতি কিছুটা হতাশাজনক হলেও, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে আশার আলো। এই টুর্নামেন্টে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে।
নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব, তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
অবশেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্স ফুটবল দলের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের দেশম। ২০২৬ সালের পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশমের বর্তমান চুক্তি আগামী বিশ্বকাপের পর পর্যন্ত। তবে, সেটি ফ্রান্সের কোয়ালিফাই করার ওপর নির্ভর করবে।
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করেন দেশম। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জয় করে কিলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা। তার আগে ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ফ্রান্স। সাবেক অধিনায়কের নেতৃত্বে ফ্রান্স আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ২০২২ সালে। তবে, আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারায় তারা।
মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, বুধবার এ ব্যাপারে ঘোষণা করবেন দেশম নিজেই।
তার আগে ফরাসি ফুটবল প্রধান ফিলিপে দিয়ালো রয়টার্সকে বলেছেন, বিশ্বকাপের পর আর কোচ হিসেবে থাকতে রাজি নন দেশম। ২০২৬ সালে মেয়াদের পর তিনি সরে যাবেন।
ফ্রান্সের কোচ হওয়ার আগে দেশম যেসব ক্লাবের কোচ ছিলেন, প্রতিটিতেই ট্রফি জিতেছেন তিনি। ফ্রান্সের কোচ হয়ে ২০২১ সালে নেশনস লিগও জিতেছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরো জিতেছিলেন দেশম। ওই দুই আসরে তিনি ছিলেন ফ্রান্সের অধিনায়ক।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।
রাজশাহীতে অনুষ্ঠিত আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধে দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর তিনি প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন, যা প্রতিপক্ষকে উসকে দেওয়ার শামিল।
অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন। এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাট দেখান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন তিনি।
ঘটনার পর দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শাস্তির অংশ হিসেবে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে গত ২৪ মাসে তাদের কোনো পূর্ব অপরাধ না থাকায় আপাতত বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি।
উল্লেখ্য, আইসিসির লেভেল-১ অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশনে রূপ নেয়, যা ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
মন্তব্য করুন


চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন লিওনেল মেসি। বদলি নামার পর এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় এনে দিলেন তিনি। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে এলএ গ্যালাক্সিকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল মায়ামি।
প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি।
বিরতির পর সমতা ফেরে গ্যালাক্সি। তবে শেষ ১০ মিনিটে মেসির মন্ত্রমুগ্ধ পারফরম্যান্সেই বদলে যায় ম্যাচের রূপ। ৮৪তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। পাঁচ মিনিট পর রদ্রিগো দি পলের পাস হিল ফ্লিকে বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে, গোল করে ব্যবধান ৩-১ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। যদিও আমি দেখেছি, সে পুরোপুরি স্বস্তিতে ছিল না। তবে সময় বাড়ার সাথে সাথে আরো ছন্দে এসেছে।
আগামীকাল কেমন অনুভব করছে, সেটি দেখতে হবে। আপাতত দিন দিন এগোতে হবে।’
এই গোলেই এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলে তার অবদান এখন ৩০। টানা চতুর্থবার বদলি হিসেবে নেমে গোল করলেন তিনি।
চোটের কারণে গত সপ্তাহে মেসিকে ছাড়া নামা মায়ামি অরল্যান্ডো সিটির কাছে হেরেছিল ৪-১ ব্যবধানে। তাই গ্যালাক্সির বিপক্ষে এই জয়কে মৌসুমের জন্য ‘টার্নিং পয়েন্ট’ বলছে মাসচেরানো। ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি, হারা যায়, কিন্তু কেমনভাবে হারা হচ্ছে সেটিই আসল বিষয়। আমরা যদি মৌসুমের শেষ পর্যন্ত লড়তে চাই, বড় কিছু জিততে চাই, তবে প্রতিটি ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠবে নির্ণায়ক।’
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
৩৯ বছর বয়সেও ফুটবল মাঠে রূপালী ঝলক ছড়িয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করেছেন, যার মধ্যে একটি ছিল বাইসাইকেল কিকে। এমন দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকেও অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ শেষে।
অবসর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি রোনালদো। তিনি বলেছেন, "অবসর বিষয়ে আমি এখনো কিছু ভাবি না। একদিন হঠাৎ করে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেব।"
পোল্যান্ড ম্যাচ শেষে অবসর বিষয়ে রোনালদো জানান, "জাতীয় দলের সঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্ত আমি অনেক চিন্তা-ভাবনা করে নেব। আমি আগে থেকে কিছু ঘোষণা করব না, একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিব।"
এখনকার সময়টা কেবল উপভোগ করতে চান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা রোনালদো। তিনি আরও বলেন, "এখন আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। অবসর আসবে একদিন, হয়তো এক-দু’বছর পর। আমি জানি না। আমার বয়স দ্রুত ৪০ হতে যাচ্ছে, তাই এখন সময়টা ভালোভাবে কাটাতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যেদিন অনুপ্রেরণা অনুভব করব না, সেদিন অবসর নেব।"
এখনকার মৌসুমে রোনালদো দারুণ ফর্মে আছেন। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে ইতিমধ্যে ১০টি গোল করেছেন এবং ৩টি গোলের সহায়তা করেছেন।
পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে ৪ ম্যাচে ৫ গোল করেছেন এবং দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের মাইলফলকে।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্কঃ
২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের খেলার সংখ্যা এবং কোন কোন খেলা অনুষ্ঠিত হবে, সে তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা দেখে বিশেষ করে উপমহাদেশের ক্রীড়া কর্মকর্তা এবং অ্যাথলেটদের মাথায় হাত। ২০২২ সালের চেয়ে অন্তত ৯টি খেলা কমিয়ে আনা হয়েছে ২০২৬ গ্লাসগো গেমসে। যেখানে বাদ দেয়া হয়েছে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ অনেক গুরুত্বপূর্ণ খেলা।
মূলতঃ স্থান পরিবর্তনের কারণে খেলার সংখ্যাও কমিয়ে আনা হলো। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে হবে মাত্রটি ১০টি খেলা। ২০২২ সালে হয়েছিল ১৯টি। ৯টি খেলা কমিয়ে আনায় উপমহাদেশীয় দেশগুলোর পদক জয়ে প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের।
২০২৬ সালের কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে; কিন্তু তারা জানিয়ে দেয় আর্থিক সমস্যার কারণে এ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব না। যে কারণে, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পায় স্কটল্যান্ডের গ্লাসগো।
১২ বছর পর স্কটল্যান্ডের এই শহরে ফিরছে কমনওয়েলথ গেমস; কিন্তু মাত্র ১০ ধরনের খেলা আয়োজন করতে পারবে তারা। আর্থিক কারণেই কম খেলার আয়োজন করা হচ্ছে। ফলে বাদ পড়েছে ক্রিকেট, হকির মতো খেলা। এছাড়া বাদ দিতে হয়েছে ব্যাডমিন্টন, শুটিং, কুস্তিও। এই খেলাগুলো থেকে ভারতেরই সবচেয়ে বেশি পদক জয়ের সম্ভাবনা ছিল।
গ্লাসগোতে ২০২৬ সালে কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, নেট বল, ভারোত্তোলন, বক্সিং, জুডো, বাস্কেটবল এবং লন বল খেলা হবে। মোট চারটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো। গেমস উপলক্ষে ভিলেজ তৈরি করা হবে না। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের রাখা হবে হোটেলে।
সর্বশেষ ২০১৪ সালে গ্লাসগোয় কমনওয়েথ গেমস অনুষ্ঠিত হয়েছিলো। সেবার তারা খরচ করেছিলো ৫৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮ হাজার ৩৭৭ কোটি টাকা)। এবার এই খরচ অনেক কমিয়ে আনা হবে। ৭৪টি কমনওয়েলথ দেশ এবং স্বাধীন অঞ্চল থেকে মোট তিন হাজার অ্যাথলেট গেমসে অংশ নেবে।
মন্তব্য করুন


আসছে জুনে দীর্ঘ এক প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
শেষবার ২০২১ সালে যখন বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া সেবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল।
ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলার বয়স দাঁড়িয়েছে ১৫ বছর।
২০১১ সালের সেই সফরে ৩-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফেরে অস্ট্রেলিয়া। এবারের সিরিজটিও তিন ম্যাচের।
অবশ্য শুধু ওয়ানডে নয়, সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও থাকছে এবারের সফরে।
এবারের দ্বিপক্ষীয় সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের জন্য পরিবর্তন এসেছে। তাই ৯ জুন থেকে ওয়ানডে সিরিজটি শুরু হবে। বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ চট্টগ্রামে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে ১৭ জুন। বাকি দুটি ১৯ ও ২১ জুন।
এই সিরিজের পর বাংলাদেশও অস্ট্রেলিয়া সফর করবে। ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের সিরিজটি খেলতে আগস্টে দেশ ছাড়বে বাংলাদেশ।
সূত্র: কালেরকন্ঠ
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কয়েকটি মুখ নিয়ে দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। দলে চমক হিসেবে আছেন পোর্তোর তরুণ ফরোয়ার্ড ইভানিলসন।
শুক্রবার (১০ মে) কোপা আমেরিকা ও দু'টি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেন দরিভাল। দলে জায়গা হয়নি কাসেমিরো ও রিচার্লিসনের। সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এন্দ্রিক।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে আরও জায়গা পাননি আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের। রিশার্লিসন অবশ্য পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। ক্লাবের হয়ে খেলার সময় পায়ের পেশিতে তিনি চোট পেয়েছেন বলে জানিয়েছেন দরিভাল।
হাঁটুর চোটের কারণে অনেক আগে থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। খুব স্বাভাবিকভাবেই আসছে টুর্নামেন্টের দলে নেই আল হিলালের এই ফরোয়ার্ড। আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জুটির সঙ্গে কাঁধ মেলাবেন এন্ড্রিক।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, এডারসন, বেন্তো। ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, মার্কিনিয়োস, গাব্রিয়েল, এদের মিলিতাও।মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, দগলাস লুইস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, এভানিলসন, রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, সাভিনিয়ো।
মন্তব্য করুন


প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। আশা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে। কিন্তু ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ। আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
নেইমার শেষবার ব্রাজিল জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর দু’বার জাতীয় দলের ডাক পেয়েও ইনজুরির কারণে খেলা হয়নি। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে তার ফেরার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর চোটে পড়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেছিলেন নেইমার। পরবর্তীতে পরীক্ষা করলে ঊরুর চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-কে জানিয়েছে। ক্লাব জানায়, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি ইতোমধ্যে চিকিৎসা শুরু করেছেন।
চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে ৯০ মিনিট পূর্ণ খেলায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে, ব্রাজিল ৫ ও ১০ সেপ্টেম্বর চিলি ও বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। ৭ মিনিটে রোনালদোদের জালে বল জড়ান আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। এরপর থেকেই আল নাসরের সমতায় ফেরার চেষ্টা শুরু। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও জালের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে এই অর্ধে আরও বড় ধাক্কা খায় রোনালদোর দল। ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে লড়াই থামায়নি দলটি।
ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও পিছিয়ে ছিল নাসর। একসময় মনে হচ্ছিল, লড়াইবিহীন এক ম্যাড়মেড়ে ফাইনাল হতে যাচ্ছে এটি। তবে শেষদিকে আসে চমক। ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড় সংখ্যা সমতায় আসার পর ১ মিনিটের মধ্যে গোল করে আল নাসর।
ম্যাচের ৯০ মিনিটে আল হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় প্রো লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে সুযোগটা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। টাইব্রেকারে গড়ানোর পর ম্যাচ জিতে নেয় আল হিলাল।
পুরো ম্যাচ মাঠে থেকেও তেমন কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। সে কারণে ম্যাচ হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে না থাকলেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা উৎসবের ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।
মন্তব্য করুন


হংকংয়ের বিপক্ষে শমিত, জায়ান ও ফাহামিদুলসহ তারা চারজনই ম্যাচের শুরু থেকে খেলতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শুরুবার (১০ অক্টোবর) হংকংয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।
তবে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের পর বিষণ্ন বাংলাদেশের খেলোয়াড়রা। অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। আগামী ১৪ অক্টোবরের হংকংয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ।
জামাল ভূঁইয়া বলেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করি। সে সময় ওদের বলেছি, আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। চার জনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’
তবে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’
বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেন, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান। ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট... ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’
মন্তব্য করুন