

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ জগতে যাত্রা শুরু করেন। এর পর থেকে তিনি বিজ্ঞাপন, নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে, বড়পর্দায় নিজেকে দেখার স্বপ্ন ছিল তার অনেক দিনের। ১৪ বছরের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তার স্বপ্ন পূরণ হলো। গতকাল শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’।
শুটিংয়ের হিসাবে এটি মেহজাবীনের দ্বিতীয় সিনেমা হলেও, এটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। তাই বড়পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতা তার জন্য ভীষণ আবেগঘন।
মেহজাবীন বলেন, ‘ছোটপর্দায় যারা কাজ করেন, তাদের প্রায় সবারই ইচ্ছা থাকে বড়পর্দায় নিজেকে দেখার। আমার ক্ষেত্রেও একই রকম। ছোটপর্দার কাজ করতে করতেই বড়পর্দার স্বপ্ন দেখতাম। অবশেষে “প্রিয় মালতী” দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।’
এর আগে, গত বৃহস্পতিবার রাতে তিনি নিজের ফেসবুকে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আজ আমার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত দিন। এই দিনটির জন্য আমি ১৪ বছর ধরে অপেক্ষা করেছি এবং সাধনা করেছি।’
মেহজাবীন আরও বলেন, ‘এই মুহূর্তে আমি আমার জীবনের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত যারা আমার পাশে থেকেছেন—প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা—সবাইকে।’
‘প্রিয় মালতী’ সিনেমায় নিজের নামে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট, আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।
মন্তব্য করুন


রাঘব-পরিণীতির প্রেম ছিল অনেকটাই ওপেন সিক্রেট। দুজন দুজনের প্রেমে মজলেও তা একটিবারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে আংটি বদল হতেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কটি। বাগদানের পর তাদের প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিণীতি লেখেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সবার, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।
‘আমাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।’
পোস্টে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
মন্তব্য করুন


পরিচালনায় নাম লিখিয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তিনি নতুন সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’ নিয়ে আসছেন। গত সোমবার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় আরিয়ান খানের এই নতুন সিরিজটির নামও রয়েছে।
আরিয়ানের ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজটিতে প্রযোজনা ও অভিনয় করেছেন শাহরুখ খান নিজেই। অভিনেতা ও প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজ করতে গিয়ে কতটা চাপ অনুভব করেছেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ তার নিজস্ব স্টাইলে বললেন, ‘অন্য সবাই কাজ করে, আমি শুধু নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক—এরা আমার পোষাবে না… আই অ্যাম আ ব্লাডি স্টার। আমি পেছনে থেকে মিউজিক বাজাই। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ শাহরুখের এই মজাদার উত্তরে উপস্থিত সবাই হাততালি দেন।
নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত নভেম্বরে এই সিরিজটি ঘোষণা করেছিল। শাহরুখ খান ছাড়াও এই ৬ পর্বের সিরিজে সালমান খান, রণবীর কাপুর, বাদশা এবং ববি দেওলের ক্যামিও দেখা যাবে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেছিলেন আরিয়ান। আর গত সোমবারই ‘বলিউড দ্য বা**ডস’ এর প্রথম টিজার প্রকাশিত হয়।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
‘শেরশাহ’ মুক্তির পর বলিউডি নায়ক সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, নায়িকা কিয়ারা আদভানির সঙ্গে রোমান্টিক সিনেমা তিনি মিস করতে চান না। যদিও গত কয়েক বছরে এই দম্পতিকে একসঙ্গে পর্দায় না পেয়ে দর্শকরা তাদের মিস করেছেন। এখন কিয়ারা জানালেন, একে অপরের হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন তারা।
এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবারের মত পা রাখেন কিয়ারা। সেখানে ‘উইমেন ইন সিনেমা গালা’তে অংশ নিয়ে নতুন কাজের খবর দেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই আলোচনার সূত্রপাত হয় কিয়ারা-সিদ্ধার্থ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘শেরশাহ’কে ঘিরে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন আর কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী ওই সিনেমায় প্রেমের অংশ নেহাত কম থাকলেও, এ চলচ্চিত্রই কিয়ারা-সিদ্ধার্থকে ‘রোমান্টিক জুটি’ আখ্যা দিয়েছে। তাদের অনুরাগীরা চান এক পূর্ণাঙ্গ প্রেমের সিনেমায় তাদের জুটি হিসেবে দেখতে।
কানে ‘শেরশাহ’ প্রসঙ্গ উঠলে কিয়ারা বলেন, “আমি জানি, ‘শেরশাহ’ আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমি এবং সিদ্ধার্থ অফুরান ভালোবাসা পেয়েছি। হতাশ করছি না। আমাদের ফের একসঙ্গে শিগগিরই দেখা যাবে। আমরা চাই আবার জুটি হিসেবে সবার ভালোবাসা কুড়াতে। আমরা যেন আমাদের অভিনীত চরিত্রের প্রতি সুবিচার করতে পারি।”
তবে সিনেমা এবং প্রযোজক ও পরিচালকের নাম সামনে আননেনি কিয়ারা। তাদের আগামী কাজ সম্পর্কে জানতে একটু অপেক্ষা করতে অনুরোধ করেছেন সবাইকে। গত বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন কিয়ারা ও সিদ্ধার্থ। এরপর দুজন আলাদাভাবে কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য পুত্রসন্তানের মা হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।
দেবলীনা ভট্টাচার্য একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে আনন্দের মুহূর্ত তুলে ধরেছেন। ভিডিওতে দেবলীনা ও তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।”
গত ১৫ আগস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। অভিনেত্রী ২০২২ সালের ডিসেম্বরে তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেছিলেন। ভিনধর্মে বিয়ে নিয়ে চর্চা হয়েছিল প্রচুর।
দেবলীনা শেষবার ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তিনি ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি ‘গোপী বহু’ চরিত্রে ছোটপর্দায় জনপ্রিয় ছিলেন। তার অভিনীত ধারাবাহিকটির নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন দেবলীনা।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
দক্ষিণী তারকা যশ অভিনীত ছবি থেকে সরে গেলেন কারিনা কাপুর। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুর খানের। জোরকদমে প্রস্তুতি চলছে, আগেই খবর মিলেছিল। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে যশের নায়িকা হিসেবে কিয়ারাকে চূড়ান্ত করা হয়েছে।
ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে ছবি নির্মাতার তরফে। তাদের কথায়, ‘ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে ছবি সম্পর্কে কোনো তথ্য ছড়াবেন না।’ তারা জানান, ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। যাদের কাস্ট করা হয়েছে, ছবির জন্য তারা ১০০ শতাংশ উপযুক্ত।
তবে কারিনা কেন সরে এলেন ছবি থেকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, তারিখ নিয়ে সমস্যার জেরেই কারিনার এ সিদ্ধান্ত। নির্মাতার তরফেও তারিখ বদল করার কোনো সম্ভাবনা নেই। স্বভাবতই ঘটনাটি নিয়ে কিছুটা হতাশ বেবোর অনুরাগীরা। কারিনার পরিবর্তে কাকে কাস্ট করা হবে, অপেক্ষায় দর্শক।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খান বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বুধবার (২২ মে) সকালে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিং খানকে।
জানা গেছে, তীব্র তাবদাহের জেরেই হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই গত চব্বিশ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় বয়ে গেছে! তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে শাহরুখ খানকে।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আহমেদাবাদ থেকে স্পেশাল চার্টার্ড বিমানে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছেন বাদশা। যেহেতু ডিহাইড্রেশন হয়ে বুধবার সকালে বিপত্তি ঘটেছিল, তাই কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসা।
এদিনই আবার বন্ধু জুহি চাওলা জানিয়েছেন, আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বাদশা। তবে চিকিৎসকদের এমন সাবধান বাণীর পর আদৌ সেই ম্যাচে কিং খান নাইট শিবিরকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকতে পারবেন কিনা- সন্দেহ দেখা দিয়েছে।
বিগত কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। নাইট শিবিরের পাশে থাকতে গত সোমবারই ভোট দিয়ে আহমেদাবাদে পৌঁছেছিলেন। এদিকে আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। এর কারণেই বুধবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
ফলে বেলা বাড়তেই দেরি না করে মাল্টি স্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুপারস্টারকে। হাসপাতালে শাহরুখের ভর্তি হওয়ার খবর শুনে এদিন বিকেলেই মুম্বই থেকে আহমেদাবাদে ছুটে গিয়েছেন স্ত্রী গৌরী খান।
জানা গেছে, তীব্র গরমের কারণেই ‘হিটস্ট্রোক’ হয়েছে শাহরুখের। তবে বাদশার শারীরিক পরিস্থিতি নিয়ে গত চব্বিশ ঘণ্টায় তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ না করায়, অনেকেই সন্দিহান ছিলেন। শেষে শাহরুখের অসুস্থতা নিয়ে তার ম্যানেজার পূজা দাদলানি মুখ খুলেছেন।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় প্রতিভা নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। একের পর এক ছবি বক্স অফিসে হিট। পেয়েছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউড পাড়ায় কেউ কেউ তার প্রশংসায় বলে থাকেন ‘বিউটি ইউথ ব্রেইন’।
তবে অসাধারণ প্রতিভাবান এই অভিনেত্রী এক জটিল মানসিক রোগে আক্রান্ত। সে জন্য চিকিৎসাও চলে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোগের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী নিজেই।
আলিয়া জানান, তিনি ‘এডিএইচডি’ (অ্যাটেনশন ডেফিশিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত।
এই রোগের অন্যতম লক্ষণ হল মানসিক চাঞ্চল্য, অস্থির ভাব ও অতিরিক্ত উত্তেজনা। কোনো কিছুতে মনযোগ দিতে বেগ পেতে হয়।
আলিয়া জানান, কয়েকটি পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনিও এই রোগের শিকার। শৈশবে এই রোগের জন্য সমস্যায় পড়তে হয়েছিল তাকে পঠনপাঠনের ক্ষেত্রেও। ক্লাস চলাকালীন প্রায়ই অন্য মনস্ক হয়ে পড়তেন আলিয়া। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেও মনঃসংযোগ হারিয়ে ফেলতেন। তার বন্ধুরা বিষয়টা লক্ষ করেছিলেন। কিন্তু কেন এমন হয়, বুঝতে পারতেন না আলিয়া।
তবে ক্যামেরার সামনে যখন অভিনয় করেন তখন এই সমস্যাটা তার হয় না। তখন মনযোগ অক্ষত থাকে। মস্তিষ্কও শান্ত থাকে। বর্তমানে একমাত্র কন্যা রাহার সঙ্গে সময় কাটানোর সময়ও কোনো অসুবিধা হয় না। তার মন স্থির থাকে। নিজের অভিনয়ের কাজ ও মেয়ের সঙ্গ —এই দুই সময় মন সবচেয়ে শান্ত থাকে বলে নিজেই জানিয়েছেন আলিয়া।
এমনকি বিয়ের দিন সাজগোজের জন্যও স্থির হয়ে বসে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আলিয়া। রূপটানশিল্পী পুনীত বি সইনি তার থেকে দু’ঘণ্টা সময় চেয়েছিলেন। কিন্তু এতটা সময় টানা বসে থাকতে পারবেন না বলে জানান তিনি। তার চেয়ে নিজের মতো বসে বিশ্রাম করতে চেয়েছিলেন আলিয়া।
উল্লেখ্য, বর্তমানে তিনি আলিয়া তার ছবি ‘জিগরা’ নিয়ে ব্যস্ত। বরাবরের মতোই অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
এবার একটি কনসার্টে ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের দিকে ছুড়ে মারা হলো পানির বোতল। লাইভ কনসার্টে উন্মাদনার তুঙ্গে ঘটে গেল এ অনভিপ্রেত ঘটনা।
মঞ্চে পারফর্ম করার সময় গায়ক-অভিনেতাদের ওপর হামলা এর আগেও হয়েছে। গত বছর অরিজিৎ সিং-কে হাত ধরে এত জোরে টান দেওয়া হয়েছিল যে, গায়ককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
গায়িকা ভারতের উত্তরাখন্ডের দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিলেন। এদিন অনুষ্ঠানে ‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘শাকি শাকি’-র মতো গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তিনি যখন শ্রোতাদের তার গানে মাতিয়ে রাখছিলেন, তখন মেতে উঠেছিল গোটা স্টেডিয়াম। ঠিক সেই সময়, সামনের সারিতে বসা এক ব্যক্তি তার দিকে পানির বোতল ছুড়ে মারেন।
এ ঘটনা রীতিমতো হতবাক করে দেয় সুনিধি চৌহানকে। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। তারপর সেই ভক্তের দিকে তাকিয়ে ভর্ৎসনা করেন। যদিও সেই ভর্ৎসনার জন্য বেছে নেন সংগীতের পথ।
সুরে-সুরেই তিনি বলে ওঠেন- ‘আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?’
সুনিধি চৌহান এই কনসার্ট থেকে কিছু ছবিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্লিটারি টপ, কালো শর্টস গায়ে ছিল গায়িকার। টপে ছাপানো ছিল 'ঝঈ ০১'। খোলা চুল, পায়ে লং বুট। একেবারে রকস্টার লুক।
ক্যাপশনে তিনি লিখলেন- ‘তুমি কি কখনো ছিলে আমার পার্টিতে? দেখো সেটা কেমন হয়।
মন্তব্য করুন


১৯৮৭ সালে বলিউড অভিনেতা গোবিন্দ এবং সুনীতা আহুজার বিয়ে হয়। সুনীতা তখন মাত্র ১৮ বছর বয়সী ছিলেন। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে তাদের সম্পর্কের সমীকরণ সময়ের সঙ্গে অনেকটাই বদলেছে, এমনটাই জানিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। তবে কি তাঁদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল দেখা দিয়েছে? সম্প্রতি সুনীতা আহুজার এক মন্তব্যে সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গোবিন্দ তার রোমান্স, কমেডি এবং নাচের জন্য পরিচিত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৯০-এর দশক থেকে আজ পর্যন্ত তিনি একইভাবে জনপ্রিয় রয়েছেন। তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গোবিন্দের ব্যক্তিগত জীবন এবং তার দাম্পত্য সম্পর্ক নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুনীতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমাদের দুটি বাড়ি রয়েছে। একটি অ্যাপার্টমেন্টে আমি এবং আমার সন্তানরা থাকি, অন্যদিকে গোবিন্দ বাংলোয় থাকেন। যখন সে কাজের কারণে দেরি করে, তখন আমাদের যোগাযোগ কিছুটা কমে যায়।"
সুনীতা আরও বলেন, "গোবিন্দ সব সময় তার কাজে ব্যস্ত থাকে এবং রোমান্সের জন্য তার সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়’। সে কখনোই ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সঙ্গে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না।"
সুনীতা আরো বলেন, "আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন আমি জানি না সে কেমন বদলে গেছে। তার বয়স ৬০ বছরের বেশি হয়ে গেছে, এবং এখন সে আগের মতো কাজের মধ্যে ডুবে থাকে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বাড়ছে এবং সে আগের মতো নিজেকে কাজে ডুবিয়ে রাখে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে কিছু ভুল পথে চলে যাচ্ছে, তবে আমি নিশ্চিত নই।" তবে বিচ্ছেদের বিষয়ে সুনীতা সরাসরি কিছু বলেননি।
মন্তব্য করুন


বিনোদন ডেস্ক:
এবার বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙল অভিনেতা আদিত্য রায় কাপুরের। তাদের ঘনিষ্ঠ এক বন্ধু বম্বে টাইমসকে বলেন, ‘এক মাস আগে আদিত্য-অনন্যা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। তাদের ব্রেকআপ হলেও তাদের মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।’
এর আগে ‘খালি পিলি’ সিনেমার সহশিল্পী অর্থাৎ শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। সেই সময় শহিদ কাপুরের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। ইশানকে নিয়েও মালদ্বীপে ছুটি কাটিয়েছেন অনন্যা। এরপর আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান অনন্যা। এ জুটি দীর্ঘ ২ বছর সম্পর্কে ছিলেন। যদিও বিচ্ছেদের বিষয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।
সম্প্রতি সময়ে অনন্যা পান্ডে কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’।
মন্তব্য করুন