

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেই স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, জনগণ যদি আরও সংস্কারের দাবি করে, সেক্ষেত্রে নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে। তিনি আরও বলেন, "জনগণ যদি মনে করে যে সংস্কারের প্রয়োজন নেই, তবে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে।"
সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপদেষ্টা চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা তুলে ধরে তিনি বিগত সময়ে নেয়া বিভিন্ন প্রকল্পের তীব্র সমালোচনা করেন। এসময় তিনি বলেন, "সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই স্বাস্থ্যখাত সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়া হবে।"
মন্তব্য করুন


রায়ের বাজার গণকবর থেকে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, সরকার মরদেহগুলোর যথাযথভাবে ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করার পরই স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তারা কোনোভাবেই ছাড় পাবে না।
পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো ধরনের উদ্বেগের জায়গা নেই।
আওয়ামী লীগের গোপন কার্যক্রম নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, আমরা দেখছি, আওয়ামী লীগের গুপ্ত কর্মকাণ্ডে সেনাবাহিনীর এক কর্মকর্তাও জড়িত। যে বাহিনীর যেই জড়িত থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ কার্যক্রম তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা প্রচার করেন। এতে জনগণ উপকৃত হয়, আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হয়।
তিনি আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করায় দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা সত্য বলার কারণেই এখন বিদেশি মিডিয়াগুলোর তৎপরতা অনেকটা কমে গেছে।
মন্তব্য করুন


রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্ব আজ এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বৈষম্য গভীর হচ্ছে, এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এমন একটি অর্থনীতির দিকে এগোতে হবে যা মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়-বিচার এবং পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। এই তীব্র চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া।’
এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট কমানো বা আন্তর্জাতিক সহায়তা কমানো দেশের জন্য প্রতিকূল প্রভাব ফেলবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বরং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে, স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন- অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
মন্তব্য করুন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।’
তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শোকবার্তায় তিনি বলেন, ‘আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্টার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হাদির মৃত্যুর খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আবরার, আবু সাঈদদের মতো হাদী না থেকেও আরো বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদী!’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘শহীদ শরীফ ওসমান হাদী, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পারো না। (সূরা বাকারাহ: আয়াত ১৫৪)’
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, ‘কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভেতরে। এ শপথ জুলাইয়ের প্রতিটি সন্তানের, এই দেশ আর ভয় পাবে না। শহীদ হাদি, আপনি আছেন, থাকবেন। ইনসাফের পথে, সাহসের কণ্ঠে, জুলাইয়ের শপথে।’
এদিকে হাদির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের জুলাই আন্দোলনের ভাইকে আমরা ফ্যাসিবাদী অমানুষদের থেকে রক্ষা করতে পারলাম না। মাফ করে দিও, হাদি ভাই। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী করুন। আমিন।’
মন্তব্য করুন


সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকা, শহুরে সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ভাতা প্রদান ও ক্ষুদ্রঋণ বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলো সমাধানের জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে সমগ্র দেশের প্রতিটি গ্রাম থেকে শহর এলাকাকে সুসংগঠিত, টেকসই ও আত্মনির্ভরশীল দারিদ্র্য ও ভিক্ষুকমুক্ত এলাকায় রূপান্তর করা প্রয়োজন। এছাড়া, কার্যক্রমের দ্বৈততা পরিহার করাও জরুরি।
রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পিকে এসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন), গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মাইক্রোফাইন্যান্স বিষয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আরও বলেন, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আর ভিক্ষুক তৈরি করতে চাই না। সমন্বিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য একটি রিপোর্ট প্রস্তুত করা প্রয়োজন। এই রিপোর্টের মূল্যায়নের ভিত্তিতে দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নতুন পরিকল্পনা নেওয়া হবে। তিনি দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করে একই ছাতার নিচে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে। পরিপত্র রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রাসঙ্গিক হবে, তার সব নিশ্চিত করব। যেখানে যার যতটুকু প্রয়োজন, ইসির অনুমতি-সম্মতি বা পরামর্শ সাপেক্ষে সেটি করা হবে।
সংসদীয় আসন নিয়ে হাইকোর্টের রায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের আদেশে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ সময় সীমানা নিয়ে উচ্চ আদালতের রায়গুলো নির্বাচন কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রবাসে ভোটার আনুমানিক ১ কোটি থেকে ১ কোটি ৫ লাখের কাছাকাছি। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে ৩ লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে যারা থাকবেন, তারা তফসিল ঘোষণার পর ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। আর কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের পর নিবন্ধন করতে পারবেন।
মন্তব্য করুন


১৫ রমজান থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহের সুষ্ঠু চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সতর্ক করে বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
মন্তব্য করুন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন ও স্বাক্ষর করেন।
শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।
এর আগে, রাজনাথ সিং যখন হাইকমিশনে পৌঁছান, তখন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুশল বিনিময় করেন।
এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন। শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দু'হাত তুলে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা শোকবার্তা লিখছেন।
ভারতের একজন শীর্ষ মন্ত্রীর এমন শোক প্রকাশকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন


ডেস্ক রিপোর্ট:
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, এতদিন হজ প্যাকেজের অভাবে অনেকেই নিবন্ধন করতে পারেননি, তবে এখন সময় এসেছে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার। ৩০ নভেম্বরের পর নিবন্ধন আর বাড়ানো হবে না।
আজ বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি দুটি হজ প্যাকেজের ঘোষণা করেন। এসময় তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বারবার দ্রুত তাঁবু বুকিং দেওয়ার অনুরোধ করা হয়েছে। আমাদের হজ প্যাকেজ ঘোষিত না হওয়ায় নিবন্ধনের সংখ্যা কম ছিল। এই কারণে নিবন্ধনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, কারণ, সৌদি সরকারকে কতজন যাবে তার তালিকা প্রদান করে তাঁবুর বুকিং দিতে হবে।
এর আগে প্রথম দফায় নিবন্ধনের সময় শেষ হয় ২৫ আগস্ট। পরে তা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন


পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। ভোটের প্রতি আগ্রহ হারিয়েছে মানুষ। এই অবস্থায় আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আর সেই চ্যালেঞ্জটাই নিতে চান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার উত্তরণে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন এই প্রধান নির্বাচন কমিশনার। ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে তার কমিশন।
সোমবার ঢাকার সাভারে ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ শুরুর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’ উদ্বোধনকালে সিইসি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জনগণের সহযোগিতা চাই। নির্বাচনী অনিয়ম রুখতে এবং সত্যিকারের নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে নির্বাচন কমিশন।’
সিইসি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহের এই কর্মসূচি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে। সবকিছু শেষ করে জুনের মধ্যে হালনাগাদ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম হয়েছে, অথচ ভোটার তালিকায় নাম নেই, তাদের অন্তর্ভুক্তির সুযোগ থাকছে। একইসঙ্গে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং ঠিকানা পরিবর্তনের সুবিধাও রাখা হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা ফেরানোর উপর জোর দিয়ে সিইসি বলেন, ‘যেদিন মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারবে, সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই সংগ্রাম আজ থেকে শুরু হলো।’
তিনি আরও বলেন, ‘ভোটের দিন অনিয়ম প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স লুটের মতো অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’
তরুণদের ভোটের প্রতি আগ্রহ ফেরানোর আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘অনেক তরুণ জানিয়েছেন, তারা ভোট দিতে পারেনি। তাদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে চাই। এটাই আমাদের যাত্রার সূচনা।’
ভোটের অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘বাঙালি ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠা করতে জানে। আমরা জনগণের সাথে আছি এবং তাদের পাশে থেকে সুষ্ঠু ভোট নিশ্চিত করবো।’
সরকার প্রধানের দেওয়া সম্ভাব্য সময়সূচি অনুযায়ী এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসি সেই সময়কে মাথায় রেখে কাজ করছে বলে জানান সিইসি। তবে বিএনপির পক্ষ থেকে আগামী জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের দাবি করা হয়েছে।
সিইসি বলেন, ‘এ যাত্রা লম্বা হতে পারে। তবে আমরা জনগণকে সাথে নিয়ে নির্ভুল ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
মন্তব্য করুন