

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন। কর্মকর্তারা এমনটি বলেছেন।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা সামরিক যানে থাকে সেনাদের ওপর হামলা চালান।
কর্মকর্তারা জানান, পরে বাহিনীর আরও সদস্যরা সেখানে ছুটে যান এবং হামলাকারীদের ধরতে অনুসন্ধান অভিযান চালান।
কাশ্মীর ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখে আসছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কমেছে।
সোমবার বিকেলে জম্মুতে হামলার ঘটনা ঘটে। গত এক মাসে এ অঞ্চলে সহিংসতা কিছুটা বেড়েছে।
গত মাসে ওই অঞ্চলে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একতি বাসে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৯ জন নিহত হন। আহত হন ৩৩ জন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বশেষ হামলায় প্রাণহানির ঘটনায় গভীর ক্ষুব্ধ হয়েছেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি লেখেন, জঙ্গি-বিরোধী অভিযান চলছে। আমাদের সেনারা এ অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা পাহাড় থেকে নেমে এসে প্রাথমিকভাবে একটি ট্রাক লক্ষ্য করে হামলা চালায়। কর্মকর্তারা জানান পাঁচ সেনা আহত হয়েছেন।
জুন থেকে এ পর্যন্ত জম্মু অঞ্চলে সাতটি হামলার ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি। বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো আমদানিনির্ভর দেশগুলোর ওপর বেশি প্রভাব পড়তে পারে।
এসব দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য অনেক দেশের টার্মিনালগুলো বন্যায় প্লাবিত হতে পারে। মঙ্গলবার (২১ মে) গবেষকরা সতর্ক করে এসব তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত তাপমাত্রার কারণে বরফ গলে যাচ্ছে। এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, যা শুধু মূল তেল বন্দরগুলোকে ডুবিয়ে দেবে বা বিশ্বব্যাপী তেল বাণিজ্যকে ব্যাহতই করবে না বরং উপকূলীয় শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোকেও প্লাবিত করবে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের ২০২১ সালের একটি পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অনুযায়ী চলতে থাকলে শতাব্দীর শেষ নাগাদ গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়তে পারে। অথবা দুই মিটার বৃদ্ধির বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
ক্রুড অয়েল আমদানি-রপ্তানির বন্দরগুলোর অবকাঠামো সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করে সিডব্লিউআর জানিয়েছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে নিচু বন্দর ও বাঙ্কারিং সুবিধাগুলো বেশি ঝুঁকিপূর্ণ।
বলা হয়েছে, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়ে, তাহলে বিশ্বের শীর্ষ ১৫টি ট্যাংকার টার্মিনালের মধ্যে ১২টির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। যার মধ্যে পাঁচটিই এশিয়াভিত্তিক।
এক্ষেত্রে সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি করা ক্রুড অয়েলের ৪২ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে রয়েছে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।
ডেপুটি হাইকমিশনার জানান, পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়েজন করা হবে। সেখানে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশ নেবে।
এছাড়া মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এই প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সম্প্রতি হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী।
এসময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন ও এইচসিএসটিএসআইকে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন উভয় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তাছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি কার্গো জাহাজ পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
সেলিম মেনন বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে জড়িত। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে।
মেমন এসময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান, বিপরীতে বাংলাদেশের বাণিজ্য মেলায় যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান। এছাড়া মেনন ঢাকায় শুল্ক ছাড়পত্র পেতে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, সেগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে নয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারও হতাহতের খবর জানাননি তারা।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে, তারা ইসরাইলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরাইলের ওপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে।
ইসরাইলের নির্মম হামলায় রোববার গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩৮ হাজার ৩৪৫ জন নিহত ও ৮৮ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।
মন্তব্য করুন


লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হামলায় অন্তত ১ হাজার ১৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


ইসরায়েলের শীর্ষ সামরিক বিজ্ঞানীদের তথ্য ফাঁস করেছে একটি হ্যাকার গ্রুপ। ‘হান্দালা’ নামে পরিচিত হ্যাকার গ্রুপটি প্রথমবারের মতো ১৭ জন ইসরায়েলি সামরিক বিজ্ঞানীর পরিচয় এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে।
রোববার (১৯ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হান্দালা আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে একে অভূতপূর্ব প্রকাশ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে হ্যাকার গ্রুপটি বলেছে, ‘আজ প্রথমবারের মতো আমরা ১৭ জন ঊর্ধ্বতন সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি, যারা ইহুদিবাদী শাসনব্যবস্থার মূল হোতা। তারা ধ্বংসের স্থপতি।’
এছাড়া অসংখ্য যুদ্ধে অগণিত নিরপরাধ বেসামরিক নাগরিকের ওপর ভয়, যন্ত্রণা ও মৃত্যু ডেকে এনেছে এমন অস্ত্রের পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন এই ১৭ বিজ্ঞানী বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হান্দালা।’
মেহেরের প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ এই দাবির প্রেক্ষিতে মন্তব্য করেনি এবং ফাঁস হওয়া নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করাও হয়নি।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।
তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি; হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা যে, গাজা আবারও ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রস্তাবে বাইডেন বলেছেন, প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে, এরপর ইসরাইলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে, কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল, হামাস মুক্তি দেবে ইসরাইলি জিম্মিদের— যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও।
এরপর গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। বাইডেন এটিকে ইসরাইলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন।
তবে মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি আরও বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এতে ‘ইতিবাচক’।
এছাড়া ইসরাইলের বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছেন। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর করার জন্য দাবি জানাচ্ছেন।
মন্তব্য করুন


ভুক্তভোগী নারীরা সবাই একই বেসরকারি স্কুলে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে
অনিচ্ছাকৃত গর্ভধারণ এড়াতে কার্যকর একটি উপায় হিসেবে কনডোমের ব্যবহার বেশ জনপ্রিয়। এটি যৌনবাহিত রোগ থেকেও সুরক্ষা দিয়ে থাকে। তবে যে অর্থেই হোক, ব্যবহারের পর এই বস্তুর জায়গা হয় আবর্জনার ভেতরে।
তবে নোংরা এই বস্তুটি যখন একের পর এক নারীর কাছে পাঠানো হয় তখন সেটিকে বেশ বিব্রতকর ঘটনা বলেই মনে করা হয়। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। এখন পর্যন্ত ৬৫ জন নারীর কাছে পাঠানো হয়েছে ব্যবহৃত কনডোম। বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ডাকযোগে কমপক্ষে ৬৫ জন নারী ব্যবহৃত কনডোম পাওয়ার পরে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে। এর সঙ্গে হাতে লেখা বার্তা সম্বলিত চিঠিও রয়েছে এবং এগুলো দক্ষিণ-পূর্ব ও পূর্ব মেলবোর্নের বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়।
পুলিশ মনে করছে, ভুক্তভোগী নারীরা একে-অপরের সঙ্গে সম্পর্কিত এবং টার্গেটেড হামলার অংশ হিসেবেই তাদের কাছে সেগুলো পাঠানো হয়েছে।
বিবিসি বলছে, যেসব নারীর কাছে ব্যবহৃত কনডোম পাঠানো হয়েছে তাদের সবাই ১৯৯৯ সালে মেলবোর্ন শহরের কিলব্রেদা কলেজ প্রাইভেট গার্লস স্কুলে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এই ধরনের প্রথম ঘটনা চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো এবং গত সোমবার সর্বশেষ ঘটনাটি রিপোর্ট করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মেলবোর্নের হেরাল্ড সান সংবাদপত্র জানিয়েছে, ভুক্তভোগী নারীরা সন্দেহ করছেন, তাদের ঠিকানাগুলো হয়তো তাদের পুরোনো স্কুলের ইয়ারবুক থেকে নেওয়া হয়েছে।
ব্রি ওয়াকার নামে এক নারী অস্ট্রেলীয় ওই সংবাদপত্রকে বলেন, যে রাতে তিনি ওই চিঠিটি পেয়েছিলেন সে রাতে তার ‘ঘুম হয়নি’। ওই চিঠিতে ‘খুব গ্রাফিক (হস্তলিখিত) বার্তা’ ছিল। তিনি পরে বন্ধুদের সাথে যোগাযোগ করেন যে, তারাও অনুরূপ কোনও প্যাকেজ পেয়েছেন কিনা।
পুলিশ বলছে, বেশিরভাগ নারী একাধিক চিঠি পেয়েছেন, যার সবকটিতে ব্যবহৃত কনডোম ছিল। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ যে কাউকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে। বুধবার তারা এ বিষয়ে মামলার আপডেট দেবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


টেলিভিশনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভাষণের পর তার এক আত্মীয়কে মারধরের ঘটনা ঘটেছে। এই হামলাকে দৃশ্যত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
হামলার শিকার ভুক্তভোগী ওই ব্যক্তি ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর আত্মীয়। বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে ফরাসি প্রেসিডেন্টের ভাষণের পর ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর ভাতিজার সন্তানকে মারধরের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার শিকার ওই ব্যক্তির নাম জ্যঁ-ব্যাপটিস্ট ট্রোগনিক্স। গত সোমবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর অ্যামিয়েন্সে সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাকে মারধর করে।
বিবিসি বলছে, হামলার শিকার জ্যঁ-ব্যাপটিস্ট ট্রোগনিক্স মাথায়, বাহু ও পায়ে আঘাত পেয়েছেন। পরে তার স্ক্যান করা হয় এবং সেই রিপোর্ট তিনি এখনও হাতে পাননি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ‘গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই’ বলেও জানিয়েছেন তিনি।
অ্যামিয়েন্স শহরে জ্যঁ-ব্যাপটিস্ট ট্রোগনেক্সের পারিবারিক চকলেটের দোকানের বাইরে আক্রমণের এই ঘটনা ঘটে। মূলত এই ব্যবসা প্রতিষ্ঠানটি বারবারই বিক্ষোভকারীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, হামলার পর তারা আটজনকে গ্রেপ্তার করেছে। অবশ্য হামলার সময় স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার কথা বলার সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ বলেন, তিনি তার পরিবারের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন এবং ‘কাপুরুষতা, বোকামি এবং সহিংসতামূলক’ হামলার নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘আমি বারবার এই সহিংসতার নিন্দা করেছি, যা শুধুমাত্র দেশকে সবচেয়ে খারাপ দিকে নিয়ে যেতে পারে।’
জ্যঁ-ব্যাপটিস ট্রোগনেক্সের বাবা জ্যঁ-আলেক্সান্দ্রে ট্রোগনিক্স ফরাসি মিডিয়াকে বলেছেন, হামলাকারীরা ‘সীমা অতিক্রম করেছে’ এবং ‘প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং আমাদের পরিবারকে’ অপমান করেছে। এছাড়া হামলায় হতবাক হওয়ার কথাও জানান তিনি।
ফ্রান্সের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট এরিক সিওটি হামলার নিন্দা করেছেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘গণতান্ত্রিক বিতর্ককে হ্যাঁ বলুন, সহিংসতা ও সন্ত্রাসকে না বলুন।’
ব্রিজিত ম্যাক্রোঁর পরিবার ছয় প্রজন্ম ধরে অ্যামিয়েন্স শহরে জ্যঁ ট্রোগনিক্স চকলেটের দোকান চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
একমাস ইরানে বন্দি থাকার পর আটক ‘ইসরাইলি’ জাহাজের ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল। বৃহস্পতিবার (৯ মে) ইরান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ইরানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এমএসসি এরিসের ৫ জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় তারা ইরান থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য আমরা ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি জানিয়েছেন, জাহাজটিতে থাকা বাকি ভারতীয় ক্রুদের আটক করা হয়নি। তারা যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন।
গত ১৩ এপ্রিল দুবাইয়ের উপকূলে একটি ইসরাইলি কার্গো জাহাজ আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ওই জাহাজে ক্রুদের মধ্যে ১৭ জন ভারতীয় ছিলেন। তাদের সবাইকে আটক করে আইআরজিসি।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বন্দি নাবিকদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে ভারত। ইরানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনকলে কথা বলেন।
বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাস জানায়, আটক ভারতীয়দের মধ্য থেকে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা ওইদিন সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। নাবিকদের উদ্ধারের বিষয়টিকে ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, আটক হওয়ার পাঁচ দিনের মধ্যেই অ্যান টেসা জোসেফ নামক কেরালার এক নারী নাবিককে মুক্তি দেয় ইরান। ভারতে ফিরে টেসা জানিয়েছিলেন, বন্দি থাকলেও ভারতীয় নাবিকদের কোনো অসুবিধা হচ্ছে না। তখনই জানা গিয়েছিল, আটক বাকি ১৬ নাবিককেও দ্রুত মুক্তি দেবে তেহরান। নাবিকদের জন্য কনসুলার অ্যাক্সেসের ব্যবস্থাও করা হয়।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার (২২ মে) বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী ২৮ মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে।
নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবো।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছেন, দেশটির মন্ত্রী পরিষদও ২৮ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।
মন্তব্য করুন