

ডেস্ক রিপোর্টঃ
ভারতে আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেওয়া ২৯ বছর বয়সী ধর্ম প্রচারক জয়া কিশোরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে। সম্প্রতি কলকাতার এই মেয়ের হাতে বিশ্ববিখ্যাত ফ্যাশন কোম্পানি ডিওর-এর ২ লাখ রুপির ব্যাগ দেখা গেছে। সেই ব্যাগটি গরুর বাছুরের চামড়া দিয়ে তৈরি।
ভারতজুড়ে প্রচুর ভক্ত রয়েছে জয়ার। অনেকেই বিভিন্ন ধর্মীয় বচন শুনতে তার প্রোগ্রামে যুক্ত হন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি এয়ারপোর্টে তাকে দামি ব্যগটি নিয়ে ঘুরতে দেখা গেছে।
সংবাদমাধ্যম বলছে, শুধু দামের কারণে নয়, ব্যাগটি যে উপাদান দিয়ে তৈরি সেটাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ডিওর-এর ওয়েবসাইট অনুযায়ী, 'Dior Book Tote' হ্যান্ডব্যাগটি কটন এবং বাছুরের চামড়া দিয়ে তৈরি। যেহেতু জয়া হিন্দু ধর্মীয় প্রচারক, তাই তিনি নিজেই বাছুরের চামড়া দিয়ে তৈরি ব্যাগ নিয়ে ঘোরার কারণে ব্যাপক ট্রলের শিকার হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায়ই আধ্যাত্মিক বিকাশের জন্য বৈষয়িক সম্পত্তি ত্যাগ করার গুরুত্বের উপর জোর দিতেন জয়া কিশোরী। তাই এত দামি ব্যাগ দেখে অনেকেই তার বার্তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জয়ার ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার ফুটেজ শেয়ার করে এক্স পোস্টে অনেকেই সমালোচনা করে যাচ্ছেন। একজন লিখেছেন, 'জয়া কিশোরী মানুষকে বস্তুবাদী হতে নিষেধ করেন, কিন্তু তিনি নিজেই ২ লক্ষ রুপির বেশি দামের একটি বিলাসবহুল ব্যাগ ব্যবহার করেন। তারা বেশিরভাগই এরকম, আমাদের ধর্মকে ব্যবহার করে মুনাফা অর্জন এবং বিলাসবহুল জীবনযাপন করে।'
এক্স ব্যবহারকারীরা জয়ার অন্যান্য ব্যয়বহুল সম্পদ নিয়েও চর্চা শুরু করেছেন। যেমন- এর আগেও দামি রোলেক্স ঘড়ি পরে দেখা গেছে ওই ধর্ম প্রচারককে।
তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ থামাতে শান্তিপূর্ণ আলোচনার পথেই এগোতে চায় ইরান। বিরোধ মেটাতে তারা কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে কার্যকর বলে মনে করে।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। বিবিসিও এ খবর প্রকাশ করেছে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হুমকি, চাপ বা সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এতে তাদের সমস্যাই আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
পেজেশকিয়ান আরও বলেন, ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলতে উৎসাহিত করা।
মন্তব্য করুন


ডেস্ক রিপোর্টঃ
সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে, এমন তথ্য জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকালে তিনি এ তথ্য দেন।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হয়ে যাবে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা, বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে। বর্তমানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে। তবে, বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, কারণ সেখানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, 'আমিরাতে বাংলাদেশিদের শ্রমের অবদান অনস্বীকার্য। বাংলাদেশিরা এই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে নির্মাণকাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে।' তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য দক্ষ শ্রমিকসহ অন্যান্য পেশায় সুযোগ বাড়ানো উচিত এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান জানান।
মুশফিকুল ফজল আনসারী আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, 'আমিরাতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং ভবিষ্যতে আরও দৃঢ় সম্পর্ক আশা করা হচ্ছে।'
এছাড়া, অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ড. রেজা খান, এবং দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে আরও বোমা সরবরাহ করতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি এই যুদ্ধের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে আণবিক বোমা ব্যবহারের তুলনা করেন।
লিন্ডসে গ্রাহাম বলেন, পার্ল হারবারের আক্রমণের পর আমরা নাগাসাকি ও হিরোশিমায় যেভাবে জবাব দিয়েছিলাম, ইসরায়েলেরও তেমন টা করা উচিত। তাদেরকে সেই বোমা সরবারহ করা উচিত।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে বারবার নিষেধের পরও ইসরায়েলে সামরিক অভিযানের পরিকল্পনা করায় তাদের অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিল মাসের শুরু থেকেই মার্কিন প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে একাধিক ধরনের বোমার সরবরাহ বন্ধ রাখছে বাইডেন প্রশাসন, যেগুলি দিয়ে ইসরায়েল গাজার শহরাঞ্চলে আক্রমণ চালাতে পারে।
বোমা সরবরাহ সীমিত করা ও রাফাহ সীমান্তে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে। তবে ইসরায়েলের কট্টর সমর্থন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েলের জয় নিশ্চিতে পর্যাপ্ত বোমা সরবরাহ করা উচিত। কোনোভাবেই তাদের হারতে দেওয়া যাবে না।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার (২২ মে) বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী ২৮ মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে।
নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবো।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছেন, দেশটির মন্ত্রী পরিষদও ২৮ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।
মন্তব্য করুন


ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে ৩৯ জন ক্রু ছিলেন এবং নৌকাডুবির পর তারা সবাই নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এই ক্রুদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকরাও আছেন।
চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে চীনা একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে এবং এর ৩৯ জন চীনা ও আন্তর্জাতিক ক্রু নিখোঁজ হয়েছেন।
ব্রডকাস্টার সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের পাঁচজন রয়েছেন।
সিসিটিভি আরও বলেছে, নৌকাডুবির ঘটনার পর নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু ‘এখন পর্যন্ত, নিখোঁজ কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি’। তবে আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দু’টি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘সমুদ্রে মাছ ধরার নৌযানের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও জোরদার করা এবং সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।’
আল জাজিরা বলছে, চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে নৌকাডুরি এই ঘটনা ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।
ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি জাহাজের সর্বশেষ অবস্থানের কাছাকাছি কাজ করা অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।
সংবাদমাধ্যম বলছে, চীন বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্রে মাছ ধরার বহর পরিচালনা করে বলে মনে করা হয়। চীনের রাষ্ট্রীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সহায়ক জাহাজের বিস্তৃত নেটওয়ার্কের অনেক জাহাজ একটানা কয়েক মাস বা এমনকি বছরজুড়ে সমুদ্রে অবস্থান করে।
অবশ্য নৌকা ডুবে যাওয়ার পেছনে কারণ কী হতে পারে তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আবহাওয়া এবং উত্তাল সমুদ্র সাধারণত এই ধরনের ট্র্যাজেডির কারণ বলে মনে করা হয়।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনআরডব্লিউএ’র সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন।
এই প্রস্তাবকে অবশ্যপ্রতীকী পদক্ষেপ মনে করা হচ্ছে, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা খরিজ করে দিয়েছে। আর ইসরায়েলের ওপর এই প্রস্তাব মানার কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। তবে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এর একটা চাপ আছে। কারণ, এতগুলো দেশ যখন কোনো প্রস্তাবে সমর্থন দেয়, তখন তাকে পুরো বিশ্বের মত প্রকাশ বলে বিবেচনা করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার শর্তে যুদ্ধবিরতি হতে পারে। না হলে হামাস ওই বন্দিদের মুক্তি দেবে না। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, এই প্রস্তাবের ভাষা ভুল ও লজ্জাজনক।
বুধবার যুদ্ধবিরতির ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৮টি দেশ। বিপক্ষে ভোট পড়ে ৯টি। আর ১৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে নিঃশর্তে, স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বন্দিদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।
এদিন সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের সংগঠন ইউএনআরডব্লিউএ নিয়ে এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি দেশ ভোট দেয়, ইসরায়েল, যুক্তরাষ্ট্র-সহ সাতটি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত থাকে।
এই প্রস্তাবে ইউএনআরডব্লিউএ নিয়ে ইসরায়েলের আইনের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েল যেন ইউএনআরডব্লিউএ-কে যথাযোগ্য মর্যাদা দেয় এবং তাদের কাজে যেন কোনও বাধা না দেয়।
এই প্রস্তাব পাস করার আগে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকেই তাদের ভাষণে ফিলিস্তিনকে সমর্থন জানায়।
জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর বলেন, গাজা এখন যন্ত্রণার ক্ষতচিহ্ন হয়ে আছে। স্লোভেনিয়ার দূত বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডার বলেছেন, ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের কর্মকর্তারা এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনে চালানো বিরল হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। শহরটির মেয়র জানিয়েছেন, উদ্ধারকাজের সময় একটি শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
কিরিভিহ রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, ওই এলাকায় রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়াও পেক্রোভস্কে তিন জন নিহত হয়েছে, ডিনিপ্রো শহরে একজন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড শহরে থাকা অবস্থায় জানিয়েছেন, এই দিন তার দেশে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, কিয়েভ, দিনিপ্রো, কিরিভি রিহসহ বিভিন্ন শহরে ৪০টির বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন


বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলে দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। টিম কুক পদত্যাগ করলেও প্রতিষ্ঠানটি থেকে একেবারে বিদায় নিচ্ছেন না। তিনি অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকা পালন করবেন।
দীর্ঘ ২৫ বছর ধরে অ্যাপলের সাথে যুক্ত থাকা টার্নাস আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন।
২০১১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টিম কুক। কুকের নেতৃত্বাধীন দেড় দশকে অ্যাপল অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তার সময়ে অ্যাপল বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে এবং বর্তমানে এর বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কুক তার বিদায়ী বার্তায় টার্নাসকে একজন দূরদর্শী নির্বাহী হিসেবে আখ্যায়িত করে বলেন, টার্নাসের উদ্ভাবনী সত্তা এবং সততা অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সক্ষম।
নতুন সিইও জন টার্নাস অ্যাপলের প্রায় সব আধুনিক পণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইপ্যাডের প্রতিটি জেনারেশন, আইফোনের বিভিন্ন সংস্করণ এবং অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের সূচনায় তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে ম্যাক কম্পিউটারে ইন্টেল প্রসেসর বদলে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের রূপান্তরটি তার নেতৃত্বেই সফল হয়েছে।
টার্নাস তার বিবৃতিতে টিম কুককে নিজের মেন্টর হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদ ব্যক্ত করেছেন।
বাজার বিশ্লেষকদের মতে, একজন হার্ডওয়্যার বিশেষজ্ঞকে শীর্ষ পদে বসানোর মাধ্যমে অ্যাপল উদ্ভাবনের ধারায় নতুন গতি আনতে চাইছে। টিম কুকের অধীনে অ্যাপলের মুনাফা চারগুণ বাড়লেও নতুন ধরনের কোনো বৈপ্লবিক পণ্য (যেমনটি ছিল আইফোন) বাজারে না আসা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ছিল।
এখন জন টার্নাসের হাত ধরে ফোল্ডেবল ফোন, স্মার্ট গ্লাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর সমন্বয়ে নতুন কোনো চমক আসার অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব। তবে অ্যাপলের এই নতুন যুগে টার্নাসের প্রধান চ্যালেঞ্জ হবে আইফোনের ওপর অতি-নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যৎ প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজে বের করা।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হুঁশিয়ারি দিয়েছেন।
বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে কোনো দুর্নীতিবাজ কারাগারের বাইরে থাকবে না বলেও জানান তিনি।
পঞ্চম দফা ভোটের আগে রোববার (১৯ মে) পুরুলিয়ার গ্যাংগারা এলাকায় সভা ছিল মোদীর। জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রচার সারেন তিনি। সভার শুরু থেকে দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছেন মোদী।
তার অভিযোগ, কংগ্রেস ও তৃণমূল নেতাদের বাড়ি থেকে অবৈধ টাকা উদ্ধার হয়েছে। মোদীর খোঁচা, কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়িতেও টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। আমি তো জীবনে একসঙ্গে এত টাকা দেখিইনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তারা নিজেরা দুর্নীতি করে হাতেনাতে ধরা পড়ছে, আর মোদীকে দুষছে।
২০১৪ ও ২০১৯ সালের ভোটপ্রচারের উদাহরণও টেনে তোপ দাগেন মোদী। বলেন, আমি তো দেশবাসীদের কাছ থেকে কিছুই লুকাই না। ২০১৪ সালে আমি বলেছিলাম, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেবো। ২০১৯ সালেও বলেছিলাম এক-এক করে সব দুর্নীতিবাজদের পাকড়াও করবো।
এর পরই হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, চব্বিশে দাঁড়িয়ে বলছি, দুর্নীতিবাজদের কারাগারের বাইরে থাকতে দেবো না। মোদী হিসেবে আরও একটা গ্যারান্টি দিচ্ছি, ৪ জুনের পর নতুন সরকার তৈরি হতেই এরকম সব দুর্নীতিবাজদের জীবন কারাগারেই কাটবে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে শিগগিরই চালু হতে যাচ্ছে যাত্রীবাহী ফেরি চলাচল। সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে আলোচনা হয়েছে। মঙ্গলবার লংকান সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের ফাঁকে শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পাশাপাশি দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচলের বিষয়েও আলোচনা হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেছেন, ‘বৈঠকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য যাত্রীবাহী ফেরি পরিষেবা চালুর বিষয়ে আমাদের কথা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কৃষি পদ্ধতি জানতে সেখানে শ্রীলঙ্কান কৃষি বিশেষজ্ঞ দল পাঠাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
লংকান প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আমাকে বিমসটেকের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি সেখানে আমার প্রতিনিধিত্ব করবেন। তিনি (শেখ হাসিনা) শ্রীলংকার অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আমি তাকে নির্বাচনের পরে বাংলাদেশ সফর করার বিষয়ে আশ্বাস দিয়েছি।’
ভারত ও শ্রীলংকার মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচল থাকলেও, দুই সরকার প্রধানের ফলপ্রসূ আলোচনার মধ্যদিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে এই প্রথম যাত্রীবাহী ফেরি চালু হচ্ছে। এটি চালু হলে দুদেশের মধ্যে পর্যটন ও ভ্রমণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন